parbattanews

স্বাধীনতার প্রথম ঘোষণা দেন জিয়াউর রহমান, এটা দালিলিকভাবে প্রমাণিত : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি সংগৃহীত।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।  মেজর জিয়াউর রহমান যে প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটা দালিলিকভাবে প্রমাণিত। এটা আন্তর্জাতিক দলিলেও প্রমাণিত। যা ফ্যাসিস্ট আওয়ামী লীগ অস্বীকার করে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনাসভায় তিনি এসব বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক, তা আজ বিশ্বজুড়ে স্বীকৃত। ২৫ মার্চ কালরাত্রিতে যখন পাক হানাদার বাহিনী রাজারবাগসহ বিভিন্ন স্থানে গণহত্যা শুরু করে, তখনই চট্টগ্রাম থেকে মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন এবং স্বাধীনতার ডাক দেন।

তিনি বলেন, দালিলিকভাবে প্রমাণিত যে, জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল।

আওয়ামী লীগের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত সরকার দীর্ঘ সময় ধরে স্বাধীনতার মিথ্যা দলিল ও বয়ান তৈরি করেছে। তারা নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে প্রকৃত ইতিহাসকে অস্বীকার করেছে এবং সবকিছুকে কেবল একজনের কৃতিত্ব হিসেবে দেখানোর চেষ্টা করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কাউকে ক্রেডিট দিতে রাজি নয়। কিন্তু আমরা সবার অবদানের স্বীকৃতি দিতে চাই, কারো সম্মান কেড়ে নিতে চাই না।

তিনি আরও বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় সংসদীয় রাজনীতি প্রবর্তনে বিএনপির অবদান অনস্বীকার্য। বিশেষ করে ৯০-এর গণ-অভ্যুত্থানের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছিল, তা বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। বিএনপি সবসময়ই ফ্যাসিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়েছে।

Exit mobile version