parbattanews

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনো আপস করবে না : মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবিঃ সংগৃহীত।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো আপস করবে না। তিনি বলেন, আমরা অবশ্যই আমাদের জাতীয় স্বার্থকে ঊর্ধ্বে রেখে অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ার চেষ্টা করব। সকল মানুষের, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব।

বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর ) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি ‘জনগণের সরকার’ গঠন করবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, “আজকের পরিস্থিতিতে গণ–অভ্যুত্থানের পর এই বাংলাদেশে সত্যিকার অর্থে নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার আমরা গঠন করতে সক্ষম হব।”

জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। প্রয়াত এই রাষ্ট্রনেতা ক্ষমতায় এসে দেশকে রাজনৈতিক সংস্কারের পথে নিয়ে গিয়েছিলেন এবং একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।”

Exit mobile version