parbattanews

হাইতির বিপক্ষে ব্রাজিল শিবিরে পরিবর্তনের ইঙ্গিত আনচেলত্তির

হাইতির বিপক্ষে ব্রাজিল শিবিরে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপের শুরুটা প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর সমালোচনার মুখে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে হাইতির বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে সেলেসাওরা।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ফিলাডেলফিয়ায় ব্রাজিল কোচ জানান, দলের পারফরম্যান্স উন্নত করতে একাদশে কিছু পরিবর্তন আনা হবে। তবে কোন পজিশনে পরিবর্তন হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আনচেলত্তি বলেন, “আমরা কিছু পরিবর্তন করব। আমাদের খেলার মান আরও উন্নত করতে হবে। এই দল আরও ভালো ফুটবল খেলতে সক্ষম, সেটাই আমরা দেখতে চাই।”

ব্রাজিলের গণমাধ্যম ‘গ্লোবো’র প্রতিবেদনে বলা হয়েছে, আনচেলত্তি মজা করে চার থেকে পাঁচটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন, পরে অবশ্য তিনি বিষয়টি রসিকতা হিসেবে উল্লেখ করেন।

মরক্কোর বিপক্ষে ম্যাচে রাফিনিয়া ও কাসেমিরোর মতো কয়েকজন তারকা নিজেদের সেরাটা দিতে পারেননি। ফলে একাদশে তাদের অবস্থান নিয়েও আলোচনা চলছে। তবে কোচ জানিয়েছেন, প্রথম ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে কাউকে বাদ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, “প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স প্রত্যাশার অনেক নিচে ছিল। ব্রাজিলের জার্সির চাপ কিছুটা প্রভাব ফেলেছে। তবে যারা ভালো খেলতে পারেনি, তাদের আরও সুযোগ দেওয়া হবে।”

বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিল সর্বশেষ উদ্বোধনী ম্যাচে হেরেছিল ১৯৩৪ সালে। দীর্ঘ ৯২ বছর পর এবার মরক্কোর বিপক্ষে ১-১ ড্র দিয়ে শুরু করেছে দলটি।

দলের খেলার ধরন নিয়েও কথা বলেছেন আনচেলত্তি। তার মতে, নির্দিষ্ট কোনো ছাঁচে না বেঁধে পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “আমি চাই না দলের একটি নির্দিষ্ট পরিচয় থাকুক। আমি চাই দল সব পরিস্থিতিতে সব ধরনের ফুটবল খেলতে সক্ষম হোক।”

‘সি’ গ্রুপে ব্রাজিল-হাইতি ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়।

Exit mobile version