হাদির ওপর হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা : সিইসি

fec-image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলা একটা বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার  (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, এর প্রভাব নির্বাচনে পড়বে না এবং কোনো শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডসংলগ্ন আলোকি কনভেনশন সেন্টারে ‘ইয়ুথ ভোটার উদ্বোধন অনুষ্ঠানে’ সিইসি দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার আহ্বান জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দুই একটা খুন খারাবি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি।

তিনি স্মরণ করিয়ে দেন যে অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। প্রয়াত আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার এবং সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার প্রসঙ্গ টেনে সিইসি বলেন, এ ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে আহসানউল্লাহ মাস্টারের সঙ্গেও এরকম হয়েছে। এ ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এটা নতুন কিছু না।

সিইসি বলেন, ঐতিহাসিক নির্বাচন ও নির্বাচন কমিশনের প্রস্তুতি মিডিয়াসহ বিভিন্ন মহলে নির্বাচন নিয়ে কিছু আশঙ্কা হয়ত আছে, তবে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই- নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই। আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। ইনশাআল্লাহ, নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে সবাইকে সঙ্গে নিয়ে, সবার সহযোগিতা নিয়ে।

আপনাদের মাথায় যত ধরনের দুশ্চিন্তাই আসুক না কেন, আমি অনুরোধ করব সেই দুশ্চিন্তা মন থেকে ঝেড়ে ফেলুন। আমরা সবাই মিলে প্রস্তুতি নেই যাতে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইসি, ওসমান হাদি, নির্বাচন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন