অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে সাজেকের দুর্গম শুকনোছড়া গ্রামে ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। ৯ মে শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা অবিলম্বে হেগেরা চাকমা হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, “ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা ওরফে তরুণ (৪৯)-সহ দুই জন শুকনোছড়া গ্রামের একটি বাড়িতে রাত যাপন করেন। সেখান থেকে আজ ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
ইউপিডিএফ এর প্রচার ও প্রকাশনা বিভাগ থেকে নিরন চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, নিহত ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা (তরুণ) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রেতকাবা গ্রামের রঙ্গমনি চাকমার ছেলে।
