চলতি মাসের ৩১ আগস্ট দিনগত মধ্যরাত থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত কাপ্তাই হ্র ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এ সিন্ধান্তের কথা জানান, জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।
এর আগে গত ২৫ এপ্রিল থেকে ২৪ জুলাই পর্যন্ত অর্থাৎ তিনমাসের জন্য কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছিলো। যথারীতি ২৫ জুলাই থেকে মৎস্য আহরণ শুরুর কথা থাকলেও হ্রদে যথেষ্ট পানি না থাকায় আরও একমাস ছয়দিন বাড়িয়ে অর্থাৎ ৩১ আগস্ট পর্যন্ত মৎস্য আহরণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়।
বৈঠকে কাপ্তাই হ্রদে মাছ শিকারে কাচকি জাল এবং কারেন্ট জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান জেলা প্রশাসক।
বৈঠকে রাঙামাটি মৎস্য উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপক আশরাফুল আলম ভূঁইয়া, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক জোবায়দা আক্তার, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এবং মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই হ্রদে মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে প্রতি বছরের তিনমানের জন্য মৎস্য আহরণে নিষধাজ্ঞা দেয়া হয়। মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে সরকার জেলেদেরকে ভিজিএফ চালসহ অন্যান্য সহযোগিতা প্রদান করে।
