২২ জানুয়ারি থানচি সফরে আসছেন সাচিংপ্রু জেরী


বান্দরবান-৩০০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সাচিংপ্রু জেরী আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) নির্বাচনী প্রতীক হাতে নিয়ে প্রচারণার অংশ হিসেবে প্রথমবারের মতো থানচি উপজেলা সফরে আসছেন। বান্দরবান জেলা পরিষদের সদস্য ও বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রো এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ সফরে তিনি থানচি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করবেন এবং দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করবেন।
বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের আহ্বায়ক মংসাগ্য মারমা বলেন, সফরকে ঘিরে ইতোমধ্যে সাংগঠনিকভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রচারণা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা ও গণসংযোগ চালানো হচ্ছে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত পাহাড়ি জনপদের সমস্যা, উন্নয়ন বঞ্চনা, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা নিয়ে সাচিংপ্রু জেরী সরাসরি জনগণের কথা শুনবেন এবং তাদের অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করবেন।
প্রথম সফরে থানচির বিভিন্ন পাড়া-মহল্লা ও বাজার এলাকায় গণসংযোগ, পথসভা ও জনসভা, নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক, জনপ্রতিনিধি এবং হেডম্যান-কারবারিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে সাচিংপ্রু জেরীর আগমনকে কেন্দ্র করে থানচি উপজেলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, এ সফরের মাধ্যমে বান্দরবান-৩০০ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

















