parbattanews

২ কোটি ৭৫ লাখ কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধনের পর বক্তৃতায় তারেক রহমান। ছবি ভিডিও থেকে নেওয়া।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকে হয়তো মাত্র ২২ হাজার কৃষককে কৃষক কার্ড পৌঁছে দিতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ, আগামী ৫ বছরে সরাসরি কৃষির সঙ্গে সম্পৃক্ত ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্র্ম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই সময় প্রধানমন্ত্রী কৃষিখাতে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম ও কৃষকের উন্নয়নে সরকার যেসব পদক্ষেপ নেবে তা তুলে ধরেন। পাশাপাশি উপহার হিসেবে কৃষকদের মাঝে ফলের গাছ উপহার দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আম ও জাম ফল ধরলে আমাকে পাঠাবেন।’

প্রধানমন্ত্রী বলেন, মানুষের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম এরমধ্যে ‘কৃষক কার্ড’ ছিল। এছাড়া যেসব কৃষকের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ হাজার টাকা কৃষিঋণ ছিল, আমরা প্রথম একসপ্তাহে তা মওকুফ করেছি। বাংলাদেশে প্রায় ১২ লাখ কৃষক এ সুবিধা পেয়েছে।

তিনি বলেন, বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে, চেষ্টা করেছে কৃষকদের পাশে দাঁড়ানোর। আপনাদের এই আস্থার মূল্য দেবে বিএনপি সরকার।

তিনি বলেন, দেশের ৪০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। বাকিরা কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে সম্পর্কিত। প্রধান পেশা কৃষি। বিএনপি সরকার বিশ্বাস করে, কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে।

সবাইকে দেশ গঠনের আমন্ত্রণ জানিয়ে তারেক রহমান বলেন, এখন দেশ পুনর্গঠনের সময়। এই সরকার জনগণের সরকার। লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, দেশের উন্নয়ন। সবাই নিজের দেশকে ভালো দেখতে চায়। আমরা সেই লক্ষ্য অর্জন করতে চাই। এর জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন।

Exit mobile version