parbattanews

৩৬ বছরের বিশ্বকাপ রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন স্পেনের গোলরক্ষক

স্পেনের গোলরক্ষক উনাই সিমন। ছবি সংগৃহীত।

এবারের বিশ্বকাপে আক্রমণভাগের তারকাদের পাশাপাশি সমান আলো ছড়াচ্ছেন গোলরক্ষকরাও। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে কিংবা হ্যারি কেইনরা যেমন গোল করে আলোচনায়, তেমনি একের পর এক রেকর্ড গড়ে নজর কাড়ছেন গোলকিপাররাও। সেই তালিকায় এবার নতুন ইতিহাস লিখলেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন।

অস্ট্রিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে কোনো গোল হজম না করে বিশ্বকাপ ইতিহাসে টানা সর্বোচ্চ সময় ক্লিন শিট রাখার নতুন রেকর্ড গড়েছেন সিমন। বিশ্বকাপে এখন পর্যন্ত টানা ৫১৯ মিনিট তিনি নিজের জাল অক্ষত রেখেছেন।

এর মাধ্যমে ভেঙে গেছে ইতালির কিংবদন্তি ওয়াল্টার জেঙ্গার ৩৬ বছর ধরে অটুট থাকা রেকর্ড। ১৯৯০ বিশ্বকাপে জেঙ্গা টানা ৫১৭ মিনিট গোল না খেয়ে যে কীর্তি গড়েছিলেন, সেটিই এতদিন বিশ্বকাপের দীর্ঘতম ক্লিন শিটের রেকর্ড ছিল। এবার সেই রেকর্ড নিজের করে নিলেন স্পেনের এই গোলরক্ষক। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটন, যিনি টানা ৫০০ মিনিট গোল হজম করেননি।

সিমনের এই রেকর্ডযাত্রা শুরু হয় ২০২২ কাতার বিশ্বকাপে। গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে ম্যাচের ৫১তম মিনিটে আও তানাকার গোলের পর থেকে আর কোনো বল তার জালে জড়ায়নি। এরপর সেই ম্যাচের বাকি সময়, মরক্কোর বিপক্ষে শেষ ষোলোর ১২০ মিনিট এবং ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে ও অস্ট্রিয়ার বিপক্ষে পুরো ম্যাচ মিলিয়ে টানা ৫১৯ মিনিট গোলশূন্য থেকেছেন তিনি।

শুধু বিশ্বরেকর্ডই নয়, স্পেনের হয়েও নতুন ইতিহাস গড়েছেন সিমন। এতদিন দেশটির হয়ে বিশ্বকাপে টানা ৪৭৭ মিনিট গোল না খাওয়ার রেকর্ড ছিল কিংবদন্তি ইকার কাসিয়াসের দখলে। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ মিলিয়ে গড়া সেই রেকর্ডও এখন অতীত।

স্পেনের আক্রমণভাগ যেমন পুরো টুর্নামেন্টে প্রশংসা কুড়িয়েছে, তেমনি দলের সাফল্যের অন্যতম ভিত্তি হয়ে উঠেছে তাদের দৃঢ় রক্ষণ। আর সেই রক্ষণভাগের শেষ ভরসা উনাই সিমন প্রমাণ করে চলেছেন, বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে শক্তিশালী গোলকিপারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।

Exit mobile version