৬ লেনের দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ব্লকেড


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে একাধিক স্থানে অবরোধ করা হয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার সকাল থেকে চট্টগ্রাম জেলার লোহাগাড়া, সাতকানিয়া ও কক্সবাজারের চকরিয়া এলাকায় এই কর্মসূচি পালিত হচ্ছে। ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন’ নামের একটি সংগঠনের ব্যানারে চলছে মহাসড়ক অবরোধ।
বিক্ষোভকারীরা উপজেলার কেরানিহাট এলাকায় সড়কে অবস্থান নেন। এতে করে করে সড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষোভকারীরা ৬ লেনের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীরা জানান, এই মহাসড়ক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই এই সড়কের কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটে। বারবার অনুরোধ ও দাবি জানিয়েও এখনো কার্যকর পদক্ষেপ দেখতে পাইনি। তাই বাধ্য হয়ে ব্লকেড কর্মসূচি পালন করছি।
তারা আরও বলেন, এই সড়ক শুধু স্থানীয়রা ব্যবহার করে না। এটি দেশের অর্থনীতি, পর্যটন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক ত্রাণ পৌঁছানোর কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন লক্ষাধিক মানুষ কক্সবাজারে যাতায়াত করে। অথচ দেশের অন্যতম ব্যস্ত এই সড়কটি অনেক জায়গায় পাড়ার গলির চেয়েও সরু। জাঙ্গালিয়ার মতো কিছু অংশ ঢালু ও আঁকাবাঁকা। আবার রাতে লবণের গাড়ি চলাচলের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। প্রতিটি দুর্ঘটনার পর কর্তৃপক্ষের কাছ থেকে সড়ক প্রশস্ত করার আশ্বাস মিললেও বাস্তবে কোনো উদ্যোগ দেখা যায় না।
কেরানীহাট ট্রাফিক পুলিশের ইনচার্জ নূরে-আলম সিদ্দিকী জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের দাবিতে ঘোষিত ব্লকেড কর্মসূচির কারণে যান চলাচল বন্ধ রয়েছে। ব্লকেড শেষ হলে যান চলাচল স্বাভাবিক হবে।

















