আবারও বাবা হয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। গত ৫ জুলাই ক্যারি ও বরিস জনসন দম্পতির তৃতীয় সন্তান জন্মগ্রহণ করে। এ নিয়ে বরিস জনসন আট সন্তানের বাবা হলেন।
মঙ্গলবার তাঁর স্ত্রী ক্যারি ইনস্টাগ্রাম পেজে একটি পোস্টের মাধ্যমে এ খবর জানান। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
৫৯ বছরের বরিস জনসন ও ৩৫ বছরের ক্যারির ৩ ও ২ বছর বয়সী দুটি সন্তান আছে। বরিস ও ক্যারির প্রথম সন্তান উইলফ্রেড ২০২০ সালের এপ্রিলে জন্ম নেয়। আর ২০২১ সালের ডিসেম্বরে পরের সন্তান মেয়ে রোমির জন্ম হয়।
কনজারভেটিভ পার্টির সাবেক মিডিয়া উপদেষ্টা ক্যারিকে দুই বছর আগে বিয়ে করেন বরিস।
২০২১ সালের সেপ্টেম্বরে রোমির জন্মের আগে ইউএস টিভ নেটওয়ার্ক এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বরিস জানিয়েছিলেন, ওই সময় পর্যন্ত তার ছয় সন্তান রয়েছে।
২০২১ সালের মে মাসে ক্যারির সঙ্গে বিয়ের আগে ২০২০ সালে দ্বিতীয় স্ত্রী ম্যারিনা হোয়েলারের সঙ্গে বরিস জনসনের বিচ্ছেদ চূড়ান্ত হয়। ওই সংসারে বরিসের চারটি সন্তান আছে। এ ছাড়া অন্য এক প্রেমিকার সঙ্গেও বরিসের একটি কন্যাসন্তান আছে। তবে তার প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টিন-ওয়েনের সংসারে কোনো সন্তান নেই।
