দীর্ঘ ৯ দিন পর অবশেষে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেক ভ্যালি।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (০৭ জুলাই) সন্ধ্যা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য সাজেকের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল রাঙামাটি জেলা প্রশাসন। তবে আবহাওয়ার পরিস্থিতি ভালো থাকায় বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে পর্যটকরা পুনরায় সাজেক ভ্রমণ করতে পারবেন। অর্থাৎ সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল জেলা প্রশাসন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলাচলের সময় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের জারিকৃত নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রাণহানির ঘটনা এড়াতে ০৭ জুলাই থেকে সাময়িক সময়ের জন্য সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা প্রশাসন।
গত ০৮ জুলাই প্রবল বর্ষণে সাজেকের মাচালং সড়ক ডুবে যাওয়ায় ওই দিন প্রায় ৬০০ পর্যটক আটকা পড়েছিলেন। দুর্যোগকালীন সময়ে হোটেল মালিকপক্ষ পর্যটকদের জন্য হোটেল-মোটেলের ভাড়া মওকুফ করে দেয়। তবে গত ০৯ ও ১০ জুলাই সেনাবাহিনীর সহযোগিতায় সাজেকে আটকে পড়া পর্যটকরা এলাকা ছাড়েন।
