parbattanews

নিজের জীবন বাজি রেখে ৯ পাহাড়ি মেয়ের জীবন বাঁচাল এক বাঙালি যুবক

drowning1_72619_76405

নিজস্ব প্রতিনিধি :

রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে মরতে যাওয়া  ৯ পাহাড়ি মেয়েকে জীবন বাজি রেখে বাঁচাল ১ বাঙালি যুবক। নদী থেকে পাহাড়ি মেয়েদের উদ্ধারকারী যুবক এ আর লিমন হচ্ছেন কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

১৪ মার্চ সোমবার বিকালে উপজেলা ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের ছুটির পর পাহাড়ি ৯ ছাত্রী কর্ণফুলী নদীর ওপর পারের উজানছড়ির নিজ নিজ বাড়িতে ফিরছিল। মাঝ নদীতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ছাত্রীদের বহনকারী নৌকাটি উল্টে গেলে ৯ ছা্ত্রীই ডুবে যায়।

এ সময় নদীর দুই পারে দাঁড়িয়ে অনেকেই ঘটনা প্রত্যক্ষ করলেও প্রচণ্ড ঢেউয়ের কারণে সাহস করে কেউ এগিয়ে আসছিল না। অবস্থা দেখে নিজের জীবন বাজি রেখে নদীতে ঝাঁপিয়ে পড়েন সাহসী যুবক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ আর লিমন। এবং প্রাণপণ চেষ্টা চালিয়ে লিমন তাদের উদ্ধার করতে সক্ষম হন।

নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া জানান, নদীতে ডুবে মরতে যাওয়া পাহাড়ি মেয়েরা সকলেই তাদের প্রতিষ্ঠানের ৬ষ্ঠ, ৭ম এবং ৮ম শ্রেণির ছাত্রী। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদের ছাত্রীদের জীবন বাঁচিয়ে এ আর লিমন অনন্য নজির স্থাপন করেছেন।

Exit mobile version