রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) ডাকে আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি কোন অঘটন ছাড়া পালিত হয়েছে।
সংগঠনটির এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে সোমবার (১১ মে) সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ কর্মসূচি শুরু পালন করে পাহাড়ের সশস্ত্র এ সংগঠনটি।
অবরোধ কর্মসূচিকে ঘিরে সকালে সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং, উজোবাজারসহ সড়কের বিভিন্ন স্থানে বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন ইউপিডিএফ সদস্যরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করতেও দেখা যায় তাঁদের। এর প্রভাবে সাজেক-দীঘিনালা সড়ক, দীঘিনালা-বাঘাইছড়ি যান চলাচল অনেকটাই বন্ধ হয়ে পড়েছে।
সাজেক পর্যটনকেন্দ্রের খোয়াল বুক রিসোর্টের ব্যবস্থাপক সমীরণ চাকমা জানান, প্রতিদিন সকাল ১০টায় বাঘাইহাট থেকে সাজেক এবং সাজেক থেকে বাঘাইহাটের উদ্দেশে পর্যটকবাহী যানবাহন ছাড়ে। তবে অবরোধের কারণে নির্ধারিত সময়ে যানবাহন ছাড়া যায়নি। সাজেকের রিসোর্টগুলোতে এখন পর্যটকের সংখ্যা খুবই কম।
গত শনিবার সাজেকের শুকনাছড়া এলাকায় ইউপিডিএফ-প্রসীত গ্রুপের সদস্য হেগেরা চাকমাকে গুলি করে হত্যা করা হয়। দলটির দাবি, ইউপিডিএফ-গণতান্ত্রিকের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন।
ইউপিডিএফের (প্রসীত) মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘হত্যাকাণ্ডের বিচার ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আমাদের সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
