parbattanews

সাচিং প্রু জেরির সংসদের ব্ক্তব্য বিকৃত করে প্রচার করছে বিচ্ছিন্নতাবাদীরা

বান্দরবান আসনের এমপি সাচিং প্রু জেরির জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনে রাখা বক্তব্য বিকৃত করে তারই নামে প্রচার করছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সশস্ত্র গ্রুপ সমর্থিত ফেইসবুক পেইজ।

এমপি সাচিং প্রু জেরি মহান সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে বিতর্কিত ‘আদিবাসী’ শব্দ ব্যবহার না করে ‘পাহাড়ি’ শব্দ ব্যবহার করলেও উদ্দেশ্যমূলকভাবে ‘পাহাড়ি’র স্থলে ‘আদিবাসী’ শব্দ যুক্ত করে তাঁর ব্ক্তব্যকে বিকৃত করে অনলাইনে ছেড়ে দিচ্ছে। ইন্ডিজেনাস সিএইচটি নামের একটি ফেইসবুক পেইজ এমপির বক্তব্যের এমন একাধিক বিকৃত কার্ড তাদের টাইম লাইনে প্রকাশ করেছে।

জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে গত ২৪ জুন সংসদ সদস্য সাচিংপ্রু জেরি বলেন, ‘বৃহত্তর পার্বত্যাঞ্চলে পাহাড়ি সকল জাতিসত্তার জনগোষ্ঠী এখনো দরিদ্রসীমার নিচে বসবাস করে।’ অথচ ইন্ডিজেনাস সিএইচটি এমপির ব্যবহৃত ‘পাহাড়ি’ শব্দ বাদ দিয়ে উদ্দেশ্যমূলকভাবে কার্ডে লিখেছে ‘বৃহত্তর পার্বত্যাঞ্চলে বসবাসরত আদিবাসীরা এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করে।’

এমপি তাঁর বক্তব্যের আরেক জায়গায় বলেছেন, ‘বৃহত্তর পার্বত্যাঞ্চলে প্রায় ১৫-২০ হাজার ব্যবসায়ী আছে। কিন্তু পাহাড়ি ব্যবসায়ী সীমিত।’ অথচ ওই পেইজে এমপির নাম উল্লেখ করে যে কার্ড প্রকাশ করেছে তাতে উল্লেখ করা হয়েছে, ‘বৃহত্তর পার্বত্যাঞ্চলে প্রায় ১৫-২০ হাজার ব্যবসায়ী আছে। কিন্তু আদিবাসী ব্যবসায়ী সীমিত।’

‘আদিবাসী’ শব্দটি ব্যবহার না করতে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি
‘আদিবাসী’ শব্দটি ব্যবহার না করতে ২০২২ সালের ১৯ জুলাই সরকারের পক্ষ থেকে উপসচিব শেখ শামছুর রহমান স্বাক্ষরিত  প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন জারি করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। যার স্মারক নম্বর–১৫.০০.০০০০.০২৪.১৮.১৮৩.১৪.৫৯৬।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ছোট ছোট সম্প্রদায় বা গোষ্ঠীকে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী বলে আখ্যায়িত করা হয়েছে।

বান্দরবানের এমপি সাচিং প্রু জেরি সংবিধানের অধীনে শপথ নিয়ে তিনি সংসদের বক্তব্যে সংবিধান স্বীকৃত ‘জাতিসত্তা’ শব্দ ব্যবহার করলেও পাহাড়ের বিচ্ছিন্নতাবাদ সমর্থিত এই পেইজটি এমপিকে বিতর্কিত করতে বিতর্কিত ‘আদিবাসী’ শব্দ তাঁর নামে চালিয়ে দিচ্ছে ।

Exit mobile version