parbattanews

অবশেষে মানিকছড়ি উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে 

মানিকছড়ি উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. জসিম উদ্দীন অবশেষে দুই মাস ৫ দিন পর কর্মস্থলে এসে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আশ্রয় নিয়েছেন।

গত ২৯ মে পার্বত্য নিউজ, সিটিজি জার্নাল, পাহাড়ের আলোসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে মানিকছড়ি উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা দু’মাস কর্মস্থলে নেই, শিরোনামসহ নানা শিরোনামে সংবাদ প্রকাশের পর ৩ মে সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিনে অফিসে ফিরে এসেছেন।

হিসাব রক্ষণ কর্মকর্তা কর্মস্থলে এসে দাপ্তরিক কাজে শুরু করার খবর জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ তাকে স্বাস্থ্যবিধি মেনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে অবস্থানের নির্দেশ প্রদান করেন।

ফলে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্রাবাসে স্থাপিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আশ্রয় নেন হিসাব রক্ষণ কর্মকর্তা মো. জসিম উদ্দীন। করোনা প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্যবিধি মতে করোনা সংক্রমিত এলাকা থেকে কেউ অনুত এলাকায় আসলে অন্তত কোয়ারেন্টিনে ১৪ দিন অবস্থান নিশ্চিত করতে হবে। তার পর সে ব্যক্তি স্বাভাবিকভাবে চলাচল ও জনসমাগমে মিশতে পারবে। সে অনুযায়ী আগামী ১৩ জুন পর্যন্ত তাকে কোয়ারেন্টিনে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে অফিসিয়াল কাজ-কর্ম সারতে হবে।

উল্লেখ্য, মানিকছড়ি উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. জসিম উদ্দীন গত ২৬ মার্চ থেকে কাউকে লিখিত কিছু না জানিয়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। দীর্ঘ দু’মাস কর্মকর্তা কর্মস্থলে না থাকায় চরম দুর্ভোগে পোহাতে হয়েছিল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও উন্নয়ন কর্মকাণ্ড সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের।

Exit mobile version