খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের দাবীতে মানববন্ধন করেছেন সরকারী কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার সকাল ১১ টার দিকে শাপালা চত্ত্বরে প্রকৃচি বিসিএস সমন্বয় কমিটি (২৬ ক্যাডার, নন ক্যাডার, ফাংশনাল সার্ভিস) খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।
এতে সংহতি প্রকাশ করে খাগড়াছড়ি জেলা পৌর মেয়র রফিকুল আলম বলেন, ফাংশনাল সার্ভিস ক্যাডার ও নন ক্যাডারদের দাবী যৌক্তিক। তিনি সরকারকে তাদের দাবী দাওয়া বিবেচনায় নেওয়ার অনুরোধ জানান।
মানববন্ধনে ৬ দফা দাবী নিয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, সড়ক ও জনপদের তত্ববধায়ক প্রকৌশলী এএসএম ফারুক হোসেন, সিভিল সার্জন ডাঃ নিশীত নন্দী মজুমদার, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক যুগল পদ দে, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শেখ আব্দুল মান্নান, মৎস অফিসার ডঃ মোহাম্মদ মানিক মিয়া।
এছাড়া খাগড়াছড়ি সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আব্দল কাইয়ুম, মোঃ শাহ আলমগীর, এল জি ইডি নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তফা হাসান, ডাঃ বিপ্লব বড়ুয়া, ডাঃ টুটুল চাকমা, খাগড়াছড়ি কলেজের বি সি এস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক এম রাশেদুল হক, মহিলা কলেজের সম্পাদক কৃতি চাকমা, সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক চম্পানন চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা এসময় পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, ৮ম বেতনস্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল, উপজেলায় ইউএনও’র কর্তৃত্ব বাতিলসহ আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরণের প্রেষন বাতিল, সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদানের দাবী জানান।