মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে একটি সম্ভাব্য আঞ্চলিক নিরাপত্তা জোট গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে তুরস্ক, সৌদি আরব, মিশর ও পাকিস্তান। সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক দেশগুলোর এক সম্মেলনের সাইডলাইনে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ বৈঠকে অংশ নেন।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, গত বছর থেকেই তুরস্ক এই ধরনের একটি নিরাপত্তা প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নেয়। শুরুতে পাকিস্তান ও সৌদি আরবকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে মিশরকেও এই প্রক্রিয়ায় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, প্রস্তাবিত এই জোটের মাধ্যমে সদস্য দেশগুলো নিজেদের সক্ষমতা একত্রিত করে আঞ্চলিক সমস্যা মোকাবিলার পথ খুঁজবে। তিনি বলেন, এটি মূলত একটি নিরাপত্তা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যার মাধ্যমে প্রতিরক্ষা খাতে সহযোগিতা ও সামরিক সমন্বয় জোরদার করা সম্ভব হবে। তবে এটি ন্যাটো-এর মতো কোনো আনুষ্ঠানিক প্রতিরক্ষা জোট হবে না।
বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী সামরিক তৎপরতা এবং এর জবাবে তেহরানের প্রতিক্রিয়ার বিষয়গুলো গুরুত্ব পায়। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনাও আলোচনা করা হয়।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ, অস্থিরতা ও সংঘাতের প্রেক্ষাপটে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে নতুন কৌশলগত সমীকরণ তৈরি করতে পারে।
