parbattanews

আফগানিস্তানের হেরাতে পিকনিক স্পটে গুলিতে নিহত বেড়ে ১১

ছবি সংগৃহীত।

আফগানিস্তানের হেরাত প্রদেশে একটি পিকনিক স্পটে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শুরুতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে গুরুতর আহত আরও সাতজন মারা যান।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার বিকেলে পশ্চিমাঞ্চলীয় হেরাতের ইনজিল জেলার দেহ মেহরি গ্রামের কাছে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তিরা হঠাৎ গুলি চালায়। শুক্রবার হওয়ায় ওই বিনোদনকেন্দ্রে সাধারণত মানুষের ভিড় বেশি ছিল।

হেরাতের এক চিকিৎসক জানিয়েছেন, নিহতরা সবাই শিয়া মুসলিম। তারা একটি স্থানীয় মাজার এলাকায় পিকনিক করতে গিয়েছিলেন।

তালেবান সরকারের হেরাত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি বলেন, স্থানীয় সময় বেলা তিনটার দিকে সাধারণ মানুষের ওপর এ হামলা চালানো হয়। ঘটনাস্থল থেকে চারটি মরদেহ এবং দুই নারীসহ ১৫ জন আহত ব্যক্তিকে হেরাত আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেন, হামলার স্থানটি শিয়া অধ্যুষিত এলাকা, যেখানে একটি শিয়া মাজার রয়েছে এবং প্রতিদিন বহু মানুষের সমাগম হয়।

এ ঘটনায় নিরাপত্তা বাহিনী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। আফগানিস্তানে সংখ্যালঘু শিয়া মুসলিমরা অতীতেও একাধিকবার এমন হামলার শিকার হয়েছেন।

সূত্র : বিবিসি

Exit mobile version