ওমান সফর শেষ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি আরেকবার পাকিস্তান যাবেন। সেখান থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
গত শুক্রবার রাতে একটি প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছান আরাগচি। এরপর শনিবার নিজের দলবল নিয়ে ওমান চলে যান।
তিনি ইসলামাবাদে আসার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের আলোচনার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু আলোচনায় কোনও অগ্রগতি না আসায় ওমানের উদ্দেশে যাত্রা করেন আরাগচি।
এরআগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আরাগচি রবিবার সন্ধ্যার দিকে ইসলামাবাদে এসে পৌঁছাতে পারেন। তিনি পাকিস্তানিদের সঙ্গে আরও আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তার সরাসরি বৈঠকের কোনও সম্ভাবনা আপাতত নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারণ ইরানিরা মনে করে মার্কিনিদের দাবি-দাওয়া মাত্রাতিরিক্ত। অপরদিকে ইরানিরা যেসব দাবি করেছে সেগুলো অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।
তবে দুই দেশের মধ্যে আলোচনায় কোনও অগ্রগতি না হলেও পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে কূটনীতির দরজা এখনও বন্ধ হয়ে যায়নি।
গত শুক্রবার রাতে আরাগচির সঙ্গে প্রতিনিধি দলের অন্যান্য যেসব সদস্য এসেছিলেন তারা আবারও ইরানে ফিরে গেছেন। সেখানে তারা সরকারের সঙ্গে পরামর্শ করেছেন। আরাগচি পাকিস্তানে আসার পর ওই প্রতিনিধি দলের সদস্যরা আসবেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: মেহের নিউজ, আলজাজিরা
