parbattanews

আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে : নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাদের ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে। তিনি বলেন, ভোট যেন সুষ্ঠু হয় এজন্য আমরা ভোট কেন্দ্র পাহাড়া দিবো। ভোট সুষ্ঠু হলে আমরা জনগণের রায় মেনে নিবো। আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমার জীবনের প্রথম ভোট প্রদান করলাম। আপনারা দলে দলে নির্ভয়ে ভোট দিতে আসুন। আজ দেশের মালিকানা বুঝে নেওয়ার দিন।

নাহিদ বলেন, আমাদের বিভিন্ন প্রার্থী সমর্থকদের ওপর হামলা করা হচ্ছে। ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আমরা মনে করি মানুষ ব্যালটের মাধ্যমের এর জবাব দিবে। আশাকরি প্রশাসন, সেনাবাহিনী, মিডিয়া নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

এর আগে সকাল ৮টায় কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে ভোট প্রদান করেন নাহিদ ইসলাম।

ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত হয়েছেন ড. এম এ কাইয়ুম এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া বিভিন্ন দলের আরও প্রার্থী মাঠে থাকার কথা জানা গেছে।

এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ, যাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক পুরুষ ও নারী ভোটার রয়েছেন। নির্বাচনের দিন এসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Exit mobile version