parbattanews

আরাকান আর্মির বন্দিশালা থেকে ফিরলেন ৬৬ বাংলাদেশি জেলে

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে বন্দি হওয়া ৭৩ জন জেলে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে ফিরেছেন। ফেরত আসা ৭৩ জনের মধ্যে ৬৬ জন বাংলাদেশী নাগরিক এবং ৭ জন এফডিএমএন (রোহিঙ্গা) সদস্য রয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

২০২৫ সালের বিভিন্ন সময়ে জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত মিয়ানমার জলসীমায় ঢুকে পড়লে এই জেলেরা আটক হন। দীর্ঘ মেয়াদে মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন ক্যাম্পে বন্দি থাকার পর তারা দেশের মাটিতে পা রাখলেন।

কক্সবাজারের নিরাপত্তা বাহিনীগুলোর সমন্বিত উদ্যোগ এবং মানবিক বিবেচনায় আরাকান আর্মির সাথে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে এই মুক্তি নিশ্চিত হয়েছে।
নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মির নিকট থেকে জেলেদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়।

স্থানীয় জনপ্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে ইতিমধ্যে জেলেদের পরিচয় নিশ্চিত করে বর্তমানে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, সামনেই পবিত্র রমজান মাস। রমজানের আগে প্রিয়জনদের ফিরে পাওয়ায় সীমান্ত ও জেলে পল্লীগুলোতে আনন্দের জোয়ার বইছে। মানবিক দৃষ্টিকোণ থেকে এই প্রত্যাবর্তনকে একটি বড় ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে বিজিবি।

২ বিজিবি অধিনায়ক জানিয়েছেন, এখনো যারা ওপারে আটক রয়েছেন, তাদেরও নিরাপদে ফিরিয়ে আনার জন্য বিজিবির পক্ষ থেকে নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Exit mobile version