রামু প্রতিনিধি :
আর্জেন্টিনার জয়ে কক্সবাজারের রামুতে বৃহস্পতিবার ভোর বেলায় ভক্ত-সমর্থকদের বেশ কয়েকটি বিজয় মিছিল বের হয়। মিছিলগুলো রামু চৌমুহনী বাস স্ট্যান্ডের সাথে সংযুক্ত বিভিন্ন প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আর্জেন্টিনার সমর্থকরা এমন দিনের অপেক্ষায় ছিল ২৪ বছর। দলের তারকা ফুটবলার লিওনেল মেসির প্রতি ভক্তদের আস্থা ছিল অপরিসীম। হতাশ করেননি মেসি। ভক্তদের উল্লাসও তাই বাধ ভাঙ্গা। খেলা গড়িয়েছিল টাইব্রেকারে। আর্জেন্টিনার গোল কিপার সার্জিও রোমেরো নেদারল্যান্ডের প্রথম শট ফিরিয়ে দিলে ১শ ২০ মিনিটের অপেক্ষায় থাকার পর যেন নিঃশ্বাস নিলেন আর্জেন্টাইন সমর্থকরা।
একের পর এক গোলের আনন্দে মেতে ওঠলেন তারা। এর আগে রাত জেগে যারা খেলা উপভোগ করতে এসেছিলেন রামুর চৌমুহনী বাস স্ট্যান্ডে বড় পর্দায়, বিজয়ের আনন্দে মেতে থাকলেন তারা ভোর পর্যন্ত। সূর্যোদয়ের পর বিভিন্ন এলাকা থেকে আর্জেন্টিনার পতাকা নিয়ে হাজারো মানুষ বিজয়ী মিছিলে যোগ দেয়।
বিশেষ করে রামু উপজেলার ফতেখাঁরকুল মন্ডল পাড়া অফিসের চর, বড়ুয়া পাড়া, মেরংলোয়া, ফকিরা বাজার, শ্রীকুল, তেচ্ছিপুল এলাকা থেকে বিশাল মিছিল বের হয় স্থানীয় আর্জেন্টিনার সমর্থকদের।
