আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি মহা জন্মাষ্টমী স্মরণে আলীকদম কেন্দ্রীয় হরি মন্দিরের উদ্যোগে শোভা যাত্রা, আলোচনা সভা, পূজা ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আলীকদম কেন্দ্রীয় হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি নারায়ণ কুমার মজুমদার জানান, ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি মহা জন্মাষ্টমী স্মরণে আলীকদমে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়।
এ উপলক্ষ্যে কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণ থেকে গত শনিবার বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়। শোভা যাত্রা শেষে কেন্দ্রীয় হরি মন্দিরে সকাল ১১টার দিকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাতে মহা জন্মাষ্টমী পূজা ও গীতা পাঠ করা হয়।
কেন্দ্রীয় হরি মন্দিরের প্রেস বার্তায় বলা হয়, মহা জন্মাষ্টমীর শোভাযাত্রায় মন্দির পরিচালনা কমিটির পাশাপাশি সনাতনী যুব ঐক্য পরিষদ নিজস্ব ব্যানারে মন্দিরের শোভা যাত্রায় অংশগ্রহণ করে। এছাড়াও সনাতনী জাগ্রত সেবা সঙ্গ শোভা যাত্রা ও আলোচনা সভায় সহযোগিতা করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি নারায়ণ কুমার মজুমদার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল-আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডারের প্রতিনিধি সেকেন্ড লেঃ আব্দুল মোতালেব, সদর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, আলীকদম থানার সেকেন্ড অফিসার এসআই মহিউদ্দিন, হরি মন্দিরের সাবেক সভাপতি পক্সকজ ইন্দু চৌধুরী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শুভরঞ্জন বড়ুয়া ও যুবনেতা অংশেথোয়াই মার্মা প্রমূখ।
