parbattanews

আলীকদমে বন্যাকবলিত ১৮৭ পরিবারের পাশে সেনাবাহিনী

‎বান্দরবানের আলীকদমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮৭টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী (৩১বীর) আলীকদম সেনা জোন।

‎মঙ্গলবার (৭ জুলাই) আলীকদম সেনা জোনের উদ্যোগে পরিচালিত এ ত্রাণ কার্যক্রমে নেতৃত্ব দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক। বিরূপ আবহাওয়া ও জলাবদ্ধতা উপেক্ষা করে তিনি নৌকাযোগে দুর্গত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর হাতে নিজেই ত্রাণসামগ্রী তুলে দেন।

‎সেনা সূত্রে জানা গেছে, টানা বর্ষণে মাতামুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং বসতবাড়ি ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ কার্যক্রম শুরু করে আলীকদম সেনা জোন।‎

‎প্রথম ধাপে রোয়াম্ব পাড়ার ৪০টি, আব্বাস কারবারি পাড়ার ৯৭টি, খুল্লামিয়া পাড়ার ২০টি এবং মংচা পাড়ার ৩০টি পরিবারসহ মোট ১৮৭টি পরিবার এ সহায়তা পেয়েছে। সেনা জোন জানিয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

‎ত্রাণ বিতরণকালে জোন কমান্ডার ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বের অংশ। দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সেনাবাহিনী জনগণের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

‎ত্রাণপ্রাপ্ত পরিবারগুলো সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করে জানায়, দুর্যোগের এই সময়ে দ্রুত খাদ্যসহায়তা তাদের সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

‎আলীকদম সেনা জোন জানিয়েছে, উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

Exit mobile version