ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ শুক্রবার এক বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো আলোচনার টেবিলে বসে ছাড় নেয় না; বরং নিজেদের ক্ষেপণাস্ত্রের শক্তিতেই শত্রুপক্ষের কাছে ছাড় আদায় করে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি বলেন, আলোচনা কেবল সেই বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যম, বাস্তব পদক্ষেপ ছাড়া ইরান কোনো ফাঁকা প্রতিশ্রুতি বিশ্বাস করে না।
এই মন্তব্য এমন সময় এসেছে যখন আন্তর্জাতিক মহলে গুঞ্জন রয়েছে যে, তেহরান ও ওয়াশিংটন একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে সমঝোতার খুব কাছাকাছি রয়েছে। চলতি সপ্তাহে তেহরান হোয়াইট হাউসকে জানিয়েছে যে, যুদ্ধবিরতি চুক্তির ওয়াশিংটনের খসড়া প্রস্তাবে তারা সন্তুষ্ট। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি চূড়ান্ত করার আগে আরও কয়েক দিন সময় নিয়ে বিবেচনা করতে চান।
ইরানের শীর্ষ আলোচক ঘালিবাফ স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটন আগে পদক্ষেপ না নিলে তেহরান কোনো নমনীয়তা দেখাবে না। তিনি সতর্ক করে বলেন, চুক্তির প্রকৃত বিজয়ী হয় সেই পক্ষই, যারা সই করার ঠিক পরের দিন আবার যুদ্ধের জন্য সবচেয়ে বেশি প্রস্তুত থাকে।
বর্তমান খসড়া নথির অধীনে দুই দেশের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতি ৬০ দিন বাড়ানোর প্রস্তাব রয়েছে। তবে সম্প্রতি হরমুজ প্রণালিতে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা এই যুদ্ধবিরতিকে ইতোমধ্যেই ঝুঁকির মুখে ফেলেছে। ঘালিবাফের মন্তব্যের পর সম্ভাব্য চুক্তির ভবিষ্যৎ আবারও অনিশ্চিত হয়ে পড়েছে।
সূত্র: সিএনএন
