parbattanews

আ.লীগ প্রার্থী দীপংকর তালুকদারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ

xcdf5

স্টাফ রিপোর্টার : 

রাঙ্গামাটি আসনে আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ উঠেছে। জেলার একমাত্র আসনে স্বতন্ত্রপ্রার্থী ও জেএসএস সহ সভাপতি উষাতন তালুকদার  শুক্রবার আঞ্চলিক পরিষদের বিশ্রামাগারে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

তিনি বলেন,  মনোনয়নপত্র সংগ্রহের সময় জেলা নির্বাচন কার্যালয় থেকে সরবরাহকৃত গণপ্রতিনিধি আদেশ ১৯৭২ এর ১২(ক) অনুচ্ছেদ ও চেকলিস্টের ফরম খ (৫) পূরণ করে জমা দেননি। এখানে বলা  আছে ‘‘আপনি সরকারের পণ্য সরবরাহ করার জন্য বা কোন চুক্তি বাস্তবায়ন বা সেবা কার্যক্রমের জন্য বা হিন্দু যৌথ  পরিবারের সদস্য হিসাবে কোন অংশ বা স্বার্থ আছে এরূপ কোন চুক্তিতে আবদ্ধ আছেন কি?” এই প্রশ্নের উত্তর হ্যাঁ হলে তাহলে প্রার্থী নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবে। এতে দীপংকর তালুকদার হ্যাঁ না কোন উত্তর দেয়নি।

তিনি বলেন, দীপংকর তালুকদার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাগড়াছড়ি জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের একজন তালিকাভুক্ত ঠিকাদার। তার প্রতিষ্ঠানের নাম  মের্সাস তালুকদার এন্টারপ্রাইজ,  মালিক দীপংকর তালুকদার, চম্পক নগর, বনরুপা, রাঙ্গামাটি।  জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের তথ্য অনুযায়ী গত ২ ডিসেম্বর তার প্রতিষ্ঠানকে খাগড়াছড়ি,  পানছড়ি এবং দিঘীনালায় ৩৩ মে:টন গম পরিবহন করতে সূচি জারি করা হয়েছে। যার স্মারক নং-১৩.০৩.৪৬০০.০০৫.০০১.১৩-২৫৯৭।

উষাতন তালুকদার বলেন, গত ৫ ডিসেম্বর এই বিষয়ে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে লিখিত আপত্তি জানানোর পর এ ব্যাপারে তিনি পদক্ষেপ না নেওয়ায় তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে ফ্যাক্স পাঠিয়েছেন।

Exit mobile version