parbattanews

লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যানসহ অপহৃত ৮ জনের উদ্ধার অভিযান চলছে, ইউপিডিএফ’র দাবী ‘ঘটনাটি মিথ্যা’

apohoron

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি রেম্রাচাই চৌধুরীসহ ৮জন উপজাতীয় আওয়ামীলীগ নেতা-কর্মী অপহরণ হয়েছে। অপহৃতদের উদ্ধারের জন্য রাতেই অভিযান চালানো হয়েছে। খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর এলকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও কোন সন্ধান পাওয়া যায় নি। অপহৃতরা কোথায় আছে এমনটিও বলতে পারছে না কেউ।

জানা যায়, শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগের এক সভায় যোগ দিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি রেম্রাচাই চৌধুরী, ভাইস চেয়ারম্যান মিলন চাকমা ও সাগরিকা চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লেলিন কুমার চাকমা (লেলিন), উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ত্রিলন চাকমা (দয়াধন), সাবেক বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান স্বপন চাকমা, চাথোয়াই মারমা (আপ্রুসি), রতন বিকাশ চাকমাসহ ৮জন স্বনির্ভর এলাকা থেকে অপহৃত হয়।

গতকাল দুপুর থেকেই উপজেলা চেয়ারম্যান রেম্রাচাই চৌধুরীর ব্যক্তিগত মুঠোফোনেও কোন সংযোগ পাওয়া যাচ্ছে না। এছাড়াও সচরাচর ব্যবহার করেন এমন কয়েকটি নাম্বারেও সংযোগ দেয়া সম্ভব নয়। একইভাবে অপরাপর অপহৃত ব্যক্তিদের মোবাইল নাম্বার গুলোতে চেষ্টা করেও একই জবাব পাওয়া যায়।

খাগড়াছড়ি পুলিশ সুপার শেখ মিজানুর রহমান অভিযানের কথা স্বীকার করেছেন এবং তিনি জানান উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। ইউপিডিএফ সন্ত্রাসীরাই এ ঘটিয়েছে বলে অনেকের ধারনা।

এদিকে, শনিবার সংবাদ মাধ্যমকে দেয়া এক বিবৃতিতে লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যানসহ ৮ জন অপহৃত হওয়ার খবরটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সমন্বয়ক প্রদীপন খীসা।

বিবৃতিতে তিনি বলেন, খাগড়াছড়িতে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। ইউপিডিএফকে বেকায়দায় ফেলার জন্য এ ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান রেম্রাচাই চৌধুরী ও ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা ইউপিডিএফের সমর্থনেই নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তাদের সাথে আরো যারা রয়েছেন তারাও ইউপিডিএফের সমর্থক ও শুভাকাঙ্খী। তাই আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষীছড়ি উপজেলায় তাদের করণীয় কি হতে পারে সেজন্য তাদেরকে নিয়ে একান্তে আলোচনা করা হয়েছে। যার কারণে তাদের মোবাইলগুলো বন্ধ থাকায় অনেকে সে সময় যোগাযোগ করতে পারেনি। আলোচনা শেষ করে তারা আজই লক্ষীছড়িতে ফিরে যাবেন।

বিবৃতিতে তিনি যে কারোর মিথ্যা ও বিভ্রান্তিমুলক অভিযোগের ভিত্তিতে এ ধরনের মিথ্যা অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য সকল সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি ষড়যন্ত্রকারীদের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্যও সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

Exit mobile version