parbattanews

ইতিহাস গড়ে বুন্দেসলিগা শেষ করলো ‘ইনভিন্সিবল’ লেভারকুসেন

অবিশ্বাস্য, অকল্পনীয়, অভূতপূর্ব! এসব বিশেষণ এখন বেয়ার লেভারকুসেনের নামের পাশে বেশ মানানসই। পাঁচ ম্যাচ হাতে রেখে গত এপ্রিলে বায়ার্ন মিউনিখের ১১ বছরের আধিপত্য গুঁড়িয়ে বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হয়েছিল তারা। জাভি আলোনসোর দল তখনও অপরাজিত ছিল, শনিবার যখন লিগে অগসবার্গের বিপক্ষে ম্যাচ শেষের বাঁশি বাজলো, তখনও তারা অজেয়। যে কীর্তি এর আগে কেউই গড়েনি, জুটে গেলো ‘ইনভিন্সিবল’ তকমা।

বুন্দেসলিগার পর্দা নামলো এদিন। প্রথম দল হিসেবে জার্মানির শীর্ষ ফুটবল মঞ্চে অপরাজিত থেকে মৌসুম শেষ করলো তারা। ঘরের মাঠে তারা অগসবার্গকে ২-১ গোলে হারিয়েছে। ৩৪ ম্যাচে অপরাজিত থেকে ২৮তম জয়ে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ভিএফবি স্টুটগার্ট (৭৩) রানার্সআপ হয়েছে ১৭ পয়েন্ট পেছনে থেকে।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৫১ ম্যাচ অপরাজিত ট্রেবল জয়ের পথে থাকা জাভির দল। আগামী বুধবার ইউরোপা লিগের ফাইনালে তারা খেলবে আতালান্তার বিপক্ষে। ২৫ মে জার্মান কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ কাইজারস্লাউতার্ন।

লিগের শেষ ম্যাচে লেভারকুসেন ২৭ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায়। ভিক্তর বোনিফেস ১২ মিনিটে লিড এনে দেন। আধঘণ্টা না হতেই রবার্ট আন্দ্রিখের লক্ষ্যভেদী শটে ২-০ গোলে এগিয়ে যায় তারা। মার্ত কমুর ৬২ মিনিটে গোল শোধ দিলেও লেভারকুসেনের তিন পয়েন্ট পেতে সমস্যা হয়নি।

Exit mobile version