parbattanews

ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক পুনরুদ্ধারের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

আজ শনিবার সকালে নূর খান বিমান ঘাঁটিতে অবতরণ করলে তাকে লাল গালিচা সংবর্ধনা ও রাষ্ট্রীয় প্রটোকলে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে মার্কিন ভাইস প্রেসিডেন্টকে স্বাগত জানান।

২০১১ সালের পর এই প্রথম কোনো মার্কিন ভাইস প্রেসিডেন্ট পাকিস্তান সফর করছেন, যা বৈশ্বিক ভূ-রাজনীতিতে এই সফরের গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। জে ডি ভ্যান্সের এই সফরের মূল লক্ষ্য হলো পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের প্রতিনিধি দলের সাথে উচ্চপর্যায়ের শান্তি আলোচনায় অংশ নেওয়া।

সম্প্রতি ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে একটি স্থায়ী চুক্তিতে রূপান্তর করতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিশেষ দূত হিসেবে তাকে পাঠানো হয়েছে। প্রতিনিধি দলে রয়েছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ।

বিমানবন্দরে পৌঁছানোর পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট এই আলোচনার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসলামাবাদের এই ‘মেক-অর-ব্রেক’ সংলাপই নির্ধারণ করে দেবে আগামীতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং বিশ্ব রাজনীতির গতিপথ।

সফরের অংশ হিসেবে জে ডি ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

Exit mobile version