parbattanews

ঈদগাঁওতে দুই শহীদের নামে সড়ক-সেতুর নামকরণ দাবি

জুলাই বিপ্লবে নিহত দুই শহীদের স্মরণসভায় শহীদদের নামে সড়ক ও সেতুর নামকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শহীদ নুরুল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে শুক্রবার (২৫ জুলাই) বিকালে উপজেলার ইসলামাবাদ ইউপির গজালিয়া প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

জুলাই শহীদ নুরুল মুস্তফার পিতা শফিউল আলমের সভাপতিত্বে আজিজুর রহমান রাজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ নুরুল আমিনের বয়োঃবৃদ্ধ পিতা ছৈয়দ নুর, জেলা সহকারী পুলিশ সুপার আহমেদ পিয়ার, কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর, ঈদগাঁও উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, যুব-বিভাগ সভাপতি মাওলানা সরওয়ার কামাল, চট্টগ্রাম জামায়াতে নেতা এইচ এম মহি উদ্দিন, জুলাই যোদ্ধা হিজবুল্লাহ জাহান মায়ার, এড. এস কে ফারুকী, আব্দু রহিম, ইউপি সদস্য জুবাইদ উল্লাহ জুয়েল, বিএনপি নেতা দিদারুল ইসলাম, জুলাই যোদ্ধাহত মো বেলাল উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে শুধু স্বীকৃতি কিংবা অনুদান দিয়ে শেষ করলে হবে না। তাদের পরিবারকে স্থায়ী পুনর্বাসন করতে হবে। যাবতীয় সুযোগ-সুবিধা দিতে হবে। কেননা তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।

বক্তারা আরো বলেন, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচার আসতে না পারে সেই উদ্যোগ নিতে হবে। অন্যথায় শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। এ সময় গজালিয়া সড়ককে শহীদ নুরুল মুস্তফার নামে এবং নব-নির্মিত গজালিয়া সেতুকে শহীদ নুরুল আমিনের নামে নামকরণের দাবী তুলেন এলাকাবাসী। তাদের দাবির প্রেক্ষিতে শহীদুল আলম বাহাদুর সড়ক ও সেতুকে শহীদদের নামে নামকরণ করতে জেলা প্রশাসনের সভায় দাবি তুলে ধরবেন জানান।

Exit mobile version