parbattanews

ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় উপজেলার ইসলামাবাদ খোদাইবাড়ি অংশে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্ততপক্ষে ৮ জন আহত হয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা খোদাই বাড়িতে এ ঘটনা ঘটে।

ঈদগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, চট্টগ্রামের বাঁশখালীর ইলশা এলাকার মনির আহমেদের স্ত্রী হাফসা বেগম ও একই উপজেলার রায়ছড়া এলাকার গোলাম সোবহানের ছেলে দুলা মিয়া। তারা চোখের চিকিৎসা করাতে গত শুক্রবার কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালে এসেছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন।

কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের চিকিৎসা সহায়ক কর্মকর্তা নেছার আহমদ জানান, বাঁশখালীর ২৬ জন রোগী চোখের চিকিৎসা শেষে সোমবার দুপুরে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। শুনেছি পথিমধ্যে ঈদগাঁও এলাকায় তারা দুর্ঘটনা কবলিত হয়েছেন। মারাও গেছেন বলে খবর পেলেও কয়জন মারা গেছেন তা এখনো নিশ্চিত না।

স্থানীয়দের বরাতে শুভ রঞ্জন চাকমা বলেন, সকালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় কক্সবাজারমুখি শ্যামলী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে ২ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈদগাঁও স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।

ওসি জানান, নিহতদের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। হতাহতদের পরিচয় জানতে পুলিশ কাজ করছে বলে জানান শুভরজ্ঞন চাকমা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়াগামী মাইক্রোবাস উক্ত স্থানে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়।আহতদের মধ্য অপর একজনও মারা যায় বলে জানা গেছে, তবে নিশ্চিত নয়।

Exit mobile version