parbattanews

ঈদগাঁওয়ে অবিরাম গুলিবর্ষণ করে গরু লুট

কক্সবাজারের ঈদগাঁওয়ে অবিরাম গুলিবর্ষণ করে গরু লুট করেছে সশস্ত্র ডাকাত দল। সোমবার (১০ মার্চ ) রাত একটার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালির ছড়া উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার নুরুল আলম উক্ত এলাকার শরাফত আলীর ছেলে ।
ক্ষতিগ্রস্ত নুরুল আলম জানান, রাতে সশস্ত্র ডাকাত দল তার গোয়াল ঘরে হানা দিয়ে গরু তাদের আনা গাড়িতে তুলতে শুরু করে। ঘরের ভেতর থেকে এটি বুঝতে পেরে ছেলে জয়নাল আবেদীন বের হলে ডাকাতরা তাকে মারধর করে। পরিবারের সদস্যদের চিৎকারে টানা ১০/১৫ মিনিট গুলিবর্ষণ করে দুটি গরু লুট করে মহাসড়কের দিকে চলে যায়। এসময় ডাকাত দলের সাথে মোটরসাইকেলও ছিল। লুটকৃত গরুর আনুমানিক মূল্য আড়াই লক্ষাধিক টাকা হতে পারে। উপুর্যপুরী গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে এলাকাবাসী ডাকাতদের প্রতিরোধ এগিয়ে আসেনি।
তিনি ক্ষোভের সাথে জানান, থানা থেকে তার এলাকায় পৌঁছাতে ১০-১৫ মিনিট লাগে। সংবাদ পাওয়ার দুই ঘন্টা পর পুলিশ পৌঁছে । এদিকে জেলা পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান , সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছার পুর্বে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, ঐ রাস্তা দিয়ে এলাকার চিহ্নিত কিছু অপরাধীর ছত্রছায়ায় নিয়মিত মায়ানমারের গরু পাচার হয় । এরাই এ গরু ডাকাতির ঘটনায় জড়িত।

Exit mobile version