parbattanews

ঈদগাঁওয়ে জলাবদ্ধ দুর্গতদের মাঝে ইউনিসেফ বাংলাদেশের ত্রাণ বিতরণ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঈদগাঁও উপজেলা, কক্সবাজারের উদ্যোগে ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় উপজেলার জালালাবাদ ইউনিয়নে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে জালালাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মার্মা উপস্থিত থেকে চেয়ারম্যান আলমগীর তাজ জনির ব্যবস্থাপনায় এ সহায়তা সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা উপ-প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বল, প্রকল্প কর্মকর্তা আবু তাহের, ইউপি সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দুর্গতদের কষ্ট লাঘব, বিশেষ করে শিশু, নারী ও পরিবারের জরুরি চাহিদার কথা বিবেচনা করে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে সংস্থাটি। যার মধ্যে ছিল পানির জার, প্লাস্টিকের মগ, শিশুদের পটি, বদনা, টয়লেট ব্রাশ, শিশু ও বড়দের জুতা, শিশুদের ন্যাপকিন, ডিটারজেন্ট পাউডার, গোসলের সাবান, কাপড় ধোয়ার সাবান, স্যানিটারি ন্যাপকিন, গামছা, নেল কাটারসহ আরও অনেক জরুরি উপকরণ। এসব সহায়তা সামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি বলেন, বিগত এক সপ্তাহের ভারী বর্ষণে উপজেলার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে অত্র ইউনিয়ন। এ দুর্গত জনগণের দুর্দশা লাঘবে এ জরুরি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসমৃদ্ধ ত্রাণ সহায়তা দুর্গতদের জন্য খুব বেশি জরুরি ছিল। তিনি এ মহৎ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসন, ইউনিসেফ বাংলাদেশ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি আরও জানান, জলাবদ্ধতার শুরু থেকেই তিনি নিজ অর্থায়নে সহায়তা দেওয়ার চেষ্টা করে আসছেন। আজকের নানা রকম জরুরি সামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্তরা খুবই আনন্দিত।

Exit mobile version