কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে ছাবের আহমেদ (৭০) নামের এক বৃদ্ধ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে ধানক্ষেত পাহারা দিতে যান বৃদ্ধ কৃষক ছাবের আহমেদ। চেয়ারে বসে আগুন জ্বালিয়ে ফসল রক্ষার চেষ্টাকালে পাশের বন থেকে আচমকা বন্য হাতির আক্রমণের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মেয়ে মনজু আরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার আয়েই সংসার চলত। এখন তাকে হারিয়ে পরিবার একেবারে অসহায় হয়ে পড়েছে।
