parbattanews

ঈদগাঁও থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে

কক্সবাজারের ঈদগাঁওয়ে মাছের ঘের থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে।

নিহতের নাম সাজ্জাদ হোসেন(১৪), সে পাশ্ববর্তী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দরগাহ পাড়ার নুরুল কবিরের ছেলে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার উদ্ধারকৃত লাশের পরিচয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার পরবর্তী ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হয়। এতে নিহতের পরিবারের সদস্যরা তাদের নিখোঁজ ছেলের সন্ধানে লাশ দেখতে থানায় যোগাযোগ করেন। লাশের অবয়ব ও পরনে থাকা পোশাক দেখে লাশটি তাদের প্রতিবন্ধী ছেলের বলে নিশ্চিত করেন। নিহত ছেলেটি জন্ম থেকে মানসিক প্রতিবন্ধী এবং প্রায় সময় ঘর থেকে বের হয়ে যান বলে পরিবারের দাবি । সর্বশেষ লাশ উদ্ধারের ২/৪ দিন আগেও ঘর থেকে বের হয়ে গেলে এরপর থেকে আর খোঁজ মিলেনি। তারা আরো জানান, ছেলেটা সাঁতারও জানত না।

অফিসার ইনচার্জ আরো জানান, পরিবারের সদস্যদের দাবির প্রেক্ষিতে থানায় দায়েরকৃত জিডির অনুকূলে ময়না তদন্ত সম্পন্ন করে লাশটি বুধবার (১৮ মার্চ) পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে।

প্রসঙ্গত গত মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরের দিকে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড গজালিয়ার রাজঘাট এলাকার মোস্তফা কামালের মাছের ঘেরে একটি অচেনা লাশের সন্ধান মিলে।পরে ঈদগাঁও থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।

Exit mobile version