ঈদুল আজহাকে ঘিরে আবারও জমে উঠছে ঢাকাই চলচ্চিত্রের বাজার। এবারের ঈদে দেশের প্রায় দেড় শতাধিক প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে ৯টি নতুন সিনেমা। এতে দর্শকদের মধ্যে বাড়ছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির তথ্য অনুযায়ী, এবারের ঈদে মুক্তির তালিকায় রয়েছে— ‘রকস্টার’, ‘মাসুদ রানা’, ‘রইদ’, ‘মালিক’, ‘বনলতা সেন’, ‘পিনিক’, ‘তছনছ’, ‘অফিসার’ এবং ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুর’।
তবে একসঙ্গে এতগুলো সিনেমা মুক্তি পাওয়াকে কিছুটা ঝুঁকিপূর্ণ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, “একসঙ্গে এত সিনেমা মুক্তি ভবিষ্যতে প্রযোজকদের জন্য ঝুঁকির কারণ হতে পারে।”
মুক্তির তালিকায় সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান। সিনেমাটির গান, টিজার, পোস্টার ও অ্যানিমেশন ইতোমধ্যে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। সেন্সর ছাড়পত্র পাওয়া ছবিটি প্রায় ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।
অন্যদিকে, সৈকত নাসির পরিচালিত স্পাই-থ্রিলারধর্মী সিনেমা ‘মাসুদ রানা’ও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরী ও সৈয়দা তিথি অমনি। এর পোস্টার, গান ও ট্রেলার ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে।
‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন এবার নিয়ে আসছেন নতুন সিনেমা ‘রইদ’। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান ও গাজী রাকায়েতসহ অনেকে।
ঈদের আরেক আলোচিত ছবি ‘মালিক’-এ জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত এ ছবির ট্রেলার ও গানও ইতোমধ্যে দর্শকদের নজর কাড়ছে।
সরকারি অনুদানে নির্মিত ‘বনলতা সেন’ পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। ছবিটিতে অভিনয় করেছেন নাবিলা ও খায়রুল বাসার।
এ ছাড়া মুক্তির তালিকায় রয়েছে ‘পিনিক’, ‘তছনছ’ ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক গল্পে নির্মিত ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুর’। এসব ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী, আদর আজাদ, মুন্না খান, ববি হক, ডি এ তায়েব ও মাহিয়া মাহিসহ আরও অনেকে।
সব মিলিয়ে এবারের ঈদে বৈচিত্র্যময় গল্প ও তারকাবহুল আয়োজনে দেশের প্রেক্ষাগৃহগুলোতে জমজমাট পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
