উখিয়া হলদিয়াপালং ইউনিয়নের মেম্বার প্রার্থী ও বিএনপি নেতাকে কুপিয়ে মারাত্মক জখম করেছে আলোচিত প্রবাসী জাহাঙ্গির বাহিনীর অস্ত্রধারী সন্ত্রাসীরা। এ ঘটনায় নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়।
শনিবার (৬ জুলাই) সকাল ১০টায় উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে শাহজাহান সিকদারের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত মোটরসাইকেল ও ইজিবাইক দেশীয় অস্ত্র উদ্ধার করে।
আহত শাহজাহান সিকদার (৪৪) নলবনিয়া গ্রামের মৃত জাফর আলমের ছেলে। আহতরা হলেন- মৃত জিন্নাত আলির ছেলে শফিউল আলম (৭০) ও আহত শাহজাহানের মামাতো ভাই মঞ্জুর আলম।
স্থানীয় ইউপি সদস্য সরওয়ার আলম বাদশা ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত শাহজাহানের বর্তমান অবস্থা সংকটাপন্ন।
আহত পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, একই এলাকার আমির হোসনের ছেলে সদ্য বিদেশ ফেরত জাহাঙ্গির আলমের নেতৃত্বে অস্ত্রধারী ভাড়াটিয়া সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়।
স্থানীয় গ্রামবাসীদের সাথে কথা বলে জানা যায়, দুইপক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। ঘটনার দিন অভিযুক্ত জাহাঙ্গির আলম ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে অবৈধভাবে জমি দখল করতে যায়। এ সময় দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে মধ্যস্থতা করার জন্য শাহজাহান সিকদার ঘটনাস্থলে এগিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই জাহাঙ্গির বাহিনী সন্ত্রাসীরা কুপিয়ে শাহজাহানের হাত বিচ্ছিন্ন করে দেয়। তাকে রক্ষা করতে এগিয়ে আসলে আরও তিনজন গুরুতর হামলার শিকার হয়।
হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরি বলেছেন, সন্ত্রাসীরা হলদিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তরুণ রাজনীতিবিদ মো. শাহাজাহানের একটি হাত বিচ্ছিন্ন করে ফেলেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে উখিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
