কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা শেষে, যাচাই-বাছাইয়ের ব্যানারে মনোনয়নপত্রের জায়গায় লেখা আছে ‘মনোনয়পত্র’। এখানে মনোনয়নের শেষের ‘ন’ টা উধাও হয়ে গেছে। যেটা হয়েছে মনোনয়পত্র। এমন ভুলটি করে উখিয়া উপজেলা নির্বাচন অফিস।
শুক্রবার (৫ জুলাই) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় পেছনে টাঙানো ব্যানারে এই ভুলটি কারো চোখে না পড়লেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে যায়।
এই বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান বলেন, এটা প্রিন্টিং মিস্টেক ছিল। ব্যানারে বানান ভুল হওয়াটা অনাকাঙ্ক্ষিত। লেখা পাঠানোর সময় আমরা ঠিকঠাক পাঠিয়েছিলাম।
উল্লেখ্য এই নির্বাচনে প্রার্থীতা আপিলের সময় ৬ থেকে ৮ জুলাই, আপিল নিষ্পত্তি (৯ জুলাই) মঙ্গলবার, প্রার্থীতা প্রত্যাহার (১০ জুলাই) বুধবার, প্রতীক বরাদ্দ (১১ জুলাই) বৃহস্পতিবার।
আগামী ২৭ জুলাই ইভিএম পদ্ধতিতে ১৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজাপালং ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৪২ হাজার ৫৯৮ জন। এর মধ্যে ২২ হাজার ১৮৭ জন পুরুষ ও ২০ হাজার ৪১১ জন মহিলা ভোটার।
