কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের সমুদ্র উপকুলীয় জনপদের মুর্তিমান আতঙ্ক বহু অপরাধের খলনায়ক ডাকাত রফিকুল হুদাকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে উখিয়া থানার উপ-পরিদর্শক শাহ জালাল ও ইনানী পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে মেরিন ড্রাইভ সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পের ডাকাতদলের আস্তানা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে, চাঁদাবাজি, হত্যা, ডাকাতি, প্রতারণা, ভূমিদস্যু হিসেবে কোর্টে ও থানায় একাধিক মামলা রয়েছে। তিনি পুলিশের খাতায় পলাতক হিসেবে মোস্ট ওয়ান্টেট। সন্ত্রাসী ভূমিদস্যু রফিকুল হুদা পুলিশের জালে আটকের খবর ছড়িয়ে পড়লে মনখালী, চেপটখালী, মাদারবনিয়া গ্রামবাসী আনন্দ উল্লাসে মেতে উঠেছে এবং একে অপরকে মিষ্টি মুখ বিতরণ করছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, গ্রেফতারকৃত ডাকাতকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
