parbattanews

উখিয়ায় দেশীয় অস্ত্রসহ রুহুল আমিন গ্রেফতার

আটক রুহুল ডাকাত

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বড় ইনানী গ্রামের ইয়াবা পাচারকারী রুহুল আমিন প্রকাশ ওরফে রুহিল্যা ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে।

ইনানী পুলিশ ফাড়ির ইনচার্জ সিদ্ধার্থ রায়ের নেতৃত্বে একদল পুলিশ গোপণ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ আসামীর নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

এদিকে অভিযোগ উঠেছিল গত মাসে আটক করেও রহস্যজনক কারণে ইনানী পুলিশ ফাঁড়ি থেকে ছেড়ে দেওয়া হয়েছিলো।

জানা যায়, বড় ইনানী গ্রামের হাফেজ কবির আহমদ প্রকাশ অন্ধ হাফেজের পুত্র রুহুল আমিন একজন দুধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সী গোল্ড হ্যাচারী ও প্রবাসী বাড়ি ডাকাতির মামলা রয়েছে।

এছাড়াও ইয়াবা পাচারকালে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় পুলিশের হাতে আটক হয় সে। বড় ইনানী গ্রামের আওয়ামী লীগ নেতা শাহ জাহান সওদাগরের উপর হামলা এবং তার দুই শ্যালিকাকে অপহরণের চেষ্টা ও নির্যাতনের অভিযোগে রুহিল্যা ডাকাতের বিরুদ্ধে মামলা রয়েছে।

সমুদ্র উপকূলীয় ইনানীতে রুহুল আমিন প্রকাশ রুহিল্যা ডাকাতের নেতৃত্বে ইয়াবা সিন্ডিকেট প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসী জানায়।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক রুহুল আমিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version