parbattanews

উপজেলা পরিষদ নির্বাচন: নিরাপত্তার চাদরে ঢাকা নাইক্ষ্যংছড়ি, ভোটগ্রহণ কাল

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভোটগ্রহণ আগামীকাল (২১ মে) মঙ্গলবার। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ ইউনিয়নের প্রতিটি কেন্দ্র এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে প্রশাসন। আর গ্রামে গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর টহলের পাশাপাশি সাদা পোশাকে নিয়োজিত আছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া সোমবার সন্ধ্যার পর থেকে অবৈধ গাড়ি ধরপাকড় শুরু হয়েছে।

পাশাপাশি প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণকাজে যাবতীয় উপকরণ ব্যালেট বাক্স, ব্যালেট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাতে তৎপরতা শুরু করেছে নির্বাচন সংশ্লিষ্টরা। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জাকারিয়া।

এদিকে এ নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে নাইক্ষ্যংছড়ি থানা চত্বরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনি ব্রিফিং নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২০ মে) সকাল সাড়ে ১০ টা থেকে ঘন্টাব্যাপী এ সভায় সভাপতিত্ব করেন, থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি সে সভায় কঠোরতা অবলম্বনে বেশ কিছু নির্দেশনা সহ সন্ত্রাসী দমনে ছাড় না দিতে নির্দেশ প্রদান করেন।

সভায় সকল অফিসার ও ফোর্সদেরকে সতর্কতার সঙ্গে কর্তব্য পালনের নির্দেশ প্রদান করা হয়। এছাড়া নির্বাচনি ডিউটিতে নিয়োজিত সদস্যগণ শৃঙ্খলা বিরোধী সব কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি ভোট গণনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্যগণ ভোট গণনার রুমে প্রবেশ না করার জন্য নির্দেশ দেন।

এছাড়া কেন্দ্রে যদি কোন প্রকার অনিয়ম বা ঝামেলা হওয়ার সম্ভাবনা দেখা দেয়, সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ/অফিসারকে অবগত করারও নিদর্শেনা দেয়া হয় তাদেরকে।

এদিকে গত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রোববারের সভার সিদ্ধান্ত মতে ১০টি কেন্দ্রে ব্যালেট- বাক্স পৌঁছে দেয়া হয় সোমবার বিকেলে। বাকি ১৬টি কেন্দ্রে ২১ মে ভোটের দিন আনুমানিক ভোর সাড়ে ৫টায় ব্যালেট পেপার ও বাক্স পৌঁছে দেয়ার কথা রয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জাকারিয়া বলেন, উপজেলার ২৬টি কেন্দ্রে ১০ জন করে সশস্ত্র সদস্য সার্বক্ষণিক নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকবেন। ৫ ইউনিয়নে ৬টি স্ট্রাইকিং ফোর্স, ৫ প্লাটুন বিজিবিসহ বিপুল পরিমাণ সদস্য নিরাপত্তার চাদরে ঢেকে রাখবে নাইক্ষ্যংছড়ি উপজেলা। সবমিলে নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে, যা সোমবার রাত পর্যন্ত দৃশ্যমান।

সর্বশেষ এ নির্বাচনকে ঘিরে সোমবার সন্ধ্যার পর থেকে স্ট্রাইকিং ফোর্সসব বাহিনী ও টহল টিম তাদের টহল জোরদার করেছেন। ভোটাররা এতে আশস্ত হচ্ছেন। তারা ভোটকেন্দ্রে যেতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানান অনেকে।

এদিকে, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এ প্রতিবেদককে বলেন, নিরাপত্তা বলয়ে ঢাকা হয়েছে পুরো নাইক্ষ্যংছড়ি। নির্বাচন কমিশনের নির্দেশ মতে ১৯ মে রাত ১২টা থেকে ২২ তারিখ পর্যন্ত মোটরসাইকেলসহ কিছু নিদিষ্ট গাড়ি চলবে না। আর এ সময়ে মোটরসাইকেল চালানোর সময় মাত্র অল্প সময়ে ১১টি মোটরসাইকেল জব্দ করা হয়। আরে এ অভিযান চলতে থাকবে।

অপরদিকে, নাইক্ষ্যংছড়ি বিভিন্ন এলাকার কয়েকজন বিশিষ্টজন নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন, কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা নারী সদস্য ও কিছু বিশেষ ব্যক্তিদের দিয়ে টাকা বিতরণ করছেন। টাকার সংখ্যা ৫ শত থেকে ৫ হাজার টাকা।

আবার অনেকে বলেছেন, সোমবার সন্ধ্যার পর থেকে নির্বাচন কাজে জড়িত কর্মকর্তাদের নানাভাবে ম্যানেজ করতে তোড়জোড় শুরু করেছে অনেকে।

Exit mobile version