parbattanews

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২১ মে) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রুততম সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের বিচারকার্য সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

এর আগে, মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীতে প্রতিবেশীর ফ্ল্যাটের খাটের নিচ থেকে আবদুল হান্নান মোল্লা ও পারভিন বেগম দম্পতির মেয়ে রামিসা আক্তারের মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ।

পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে গ্রেফতার সোহেল ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

Exit mobile version