রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রস্তুত হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ মঞ্চ। সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছে দলটির নেতাকর্মীরা। জোরদার করা হয়েছে সমাবেশস্থলের নিরাপত্তা।
রোববার (৩ আগস্ট) বিকাল ৪টায় দলটির সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় সাড়ে ৪টায়। সমাবেশ উপলক্ষে দলটির কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যেই শহীদ মিনারে এসে উপস্থিত হয়েছেন।
সমাবেশে আগত নেতাকর্মীদের বসার জন্য শহীদ মিনারের সামনে বিছানো হয়েছে লাল কার্পেট। আশপাশের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ডিজিটাল পর্দা। জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন ঘটনা সেখানে প্রদর্শন করা হচ্ছে।
এনসিপির এ সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরে সেখানে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াডকে টহল দিতে দেখা গেছে।
সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে জানা গেছে।
আওয়ামী লীগ সরকার পতনে এক দফার ঘোষণার বর্ষপূর্তি ও দেশব্যাপী জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক পরিসমাপ্তি উপলক্ষে সমাবেশ করছে দলটি। সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে এনসিপি।
