parbattanews

এবার বাংলাদেশের বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত নিলো আইসিসি

নিরাপত্তা ইস্যুতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে যুক্ত করেছে আইসিসি। ভারতীয় বলয়ে থাকা আইসিসি এবার নতুন সিদ্ধান্ত নিলো বাংলাদেশের বিরুদ্ধে। আসন্ন বিশ্বকাপ কাভারের জন্য বাংলাদেশ থেকে অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য যে সব সাংবাদিক আবেদন করেছিলেন আইসিসিতে, সবার আবেদনই বাতিল করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। অর্থাৎ এবার বাংলাদেশ থেকে কোনো সাংবাদিকই যেতে পারছেন না টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার জন্য।

পূর্বতন সূচি অনুসারে গ্রুপ পর্বে বাংলাদেশের ৩টি ম্যাচ ছিল কলকাতায় এবং একটি ম্যাচ ছিল মুম্বাইয়ে। বাংলাদেশের ম্যাচসহ পুরো বিশ্বকাপ কাভার করার জন্য আইসিসি নির্ধারিত ফর্ম ও বেঁধে দেওয়া সময়ের মধ্যে আবেদন করেছিলেন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা। বাংলাদেশ খেলতে যাক কিংবা না যাক, বিশ্বকাপ কাভার করার জন্য উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিকের ভারত এবং শ্রীলঙ্কায় যাওয়ার প্রস্তুতি ছিল।

১৯৯৯ সালে বাংলাদেশ সর্বপ্রথম বিশ্বকাপ খেলার সময় থেকে শুরু প্রতিটি আসরেই (ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি) উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সাংবাদিকের উপস্থিতি ছিল। শুধু তাই নয়, ১৯৯৯ বিশ্বকাপের আগেও, যখন বাংলাদেশ ক্রিকেট দলের উপস্থিতি ছিল না, তখনও অনেকগুলো বিশ্বকাপ আসর কাভার করার অভিজ্ঞতা ছিল বাংলাদেশের সাংবাদিকদের। ক্রিকেটপ্রেমী হিসেবে এদেশের মানুষের তুমুল আগ্রহ বিশ্বকাপ নিয়ে। এ কারণে প্রায় প্রতিটি মিডিয়া হাউসই বিশ্বকাপ কাভার করার জন্য সাংবাদিক প্রেরণ করে।

আইসিসির এমন সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করেছেন দেশের ক্রীড়া সাংবাদিকরা। আইসিসির এমন সিদ্ধান্ত যেমন ক্রীড়া সাংবাদিকদের মুক্ত স্বাধীনতায় হস্তক্ষেপ তেমনি দেশের কোটি ক্রিকেট সমর্থকদের জন্যেও হতাশার।

Exit mobile version