চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের অন্যতম হোতাকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
গতকাল (৩০ এপ্রিল) বিকেলে কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কিশোরের নাম সালাহউদ্দিন আহমেদ (১৭)। সে কক্সবাজার শহরের সিটি কলেজ রোড এলাকার রফিকুল ইসলামের ছেলে।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, একটি সংঘবদ্ধ চক্র মেরিন ড্রাইভ সংলগ্ন দরিয়ানগর এলাকায় অবস্থান করে ডিজিটাল মাধ্যমে পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে সাধারণ পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সালাহউদ্দিনকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালাহউদ্দিন স্বীকার করেছে যে,সে পরিকল্পিতভাবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পরীক্ষার্থীদের নম্বর সংগ্রহ করত। নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী দাবি করে ভুয়া প্রশ্নপত্র তৈরি করে এবং পরীক্ষার আগের রাতে সেগুলো দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ টাকা দাবি করত। টাকা পাওয়ার পর সে পরীক্ষার্থীদের ব্লক করে দিয়ে ডিজিটাল প্রতারণা সম্পন্ন করত।
র্যাব জানায়,গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পরীক্ষার পবিত্রতা রক্ষায় এবং এ ধরণের গুজব ও প্রতারণা প্রতিরোধে র্যাবের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
