কক্সবাজারের ঈদগাঁওতে র্যাব ১৫’র ফাঁদে আটকা পড়েছে পাসপোর্ট প্রতারক চক্রের এক সদস্য। এসময় ৮৫টি পাসপোর্ট, ৩টি ব্যাংক চেক, ৯টি সীল ও ২টি স্ট্যাম্প প্যাড উদ্ধার করা হয়।
গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১৫ ‘র সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন। ধৃত প্রতারক আবদুল জলিল (৩৫) ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী গ্রামের মৃত আবদুর জব্বারের ছেলে।
তিনি আরও জানান, গোপন সংবাদে অভিযান পরিচালনাকারী সংস্থা জানতে পারেন কতিপয় ব্যক্তি কক্সবাজারের ঈদগাঁও উপজেলাধীন ইসলামাবাদ ইউনিয়নের বাঁশঘাটা সড়কে একটি অফিস কক্ষে গোপনে দীর্ঘদিন যাবত অবৈধ পাসপোর্ট তৈরীর কাজ করে আসছে। এর ভিত্তিতে গত রবিবার (২০ ফেব্রুয়ারী) দিবাগত রাতে অভিযান চালিয়ে ও-ই গোপন কক্ষ থেকে এ প্রতারককে আটক করা হয়। এসময় তার সহযোগী একই উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী একালার মৃত তাজর মুলুক প্রকাশ হাজী তাজু মিয়ার ছেলে নাজির হোসেন ভূট্টো কৌশলে পালিয়ে যায়। এসময় মৃতের স্বীকারোক্তি মতে গোপন স্থান থেকে ৮৫টি ভিন্ন নামের বাংলাদেশী পাসপোর্ট, ৯টি সীলমোহর, ২টি স্ট্যাম্প প্যাড ও ৩ টি ব্যাংক চেক উদ্ধার করা হয়।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে দীর্ঘদিন যাবত বিভিন্ন পাসপোর্ট, এনআইডি ও নকল সীলমোহর নিজ হেফাজতে রেখে বিভিন্ন অনৈতিক কাজ করে আসছে তারা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাকে ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, ধৃত প্রতারককে উদ্ধারকৃত সরঞ্জামসহ থানায় হস্তান্তর করেছে র্যাব। তবে রিপোর্ট লিখা পর্যন্ত (সোমবার রাত ১১টা পর্যন্ত )মামলার প্রক্রিয়া চলছিল।
উল্লেখ্য, উক্ত পলাতক নাজির হোসেন ভুট্টা দুই যুগেরও বেশি সময় ধরে বিদেশে মানুষ পাঠানোর কাজ করে আসছিল। তার এ জালিয়াতির সংবাদে উপজেলায় তোলপাড় শুরু হয়েছে এবং জনগণ এ অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে অভিনন্দন জানাচ্ছে।
