কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ( ২৬ মে ) পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান।
মৃত্যু হওয়া বাখেয়া জান্নাত (২০) একই এলাকার সাদেক হোসেনের স্ত্রী।
স্বজনদের বরাতে মেহেদী হাসান বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকে পেকুয়া সহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছিল। সকালে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এসময় উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া এলাকার গৃহবধূ বাখেয়া জান্নাত গৃহস্থলির কাজে বের হন। এতে বজ্রপাতের ঘটনায় ওই গৃহবধূ আহত হয়।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনায় আইনগত ব্যবস্থা শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
