parbattanews

কক্সবাজারে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পূর্ব নাপিত পাড়া থেকে বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে রোকসানা আক্তার (৩৫) নামের অন্তঃসত্বা ২ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

নিহত গৃহিণী উক্ত এলাকার নুরুল আবছারের স্ত্রী এবং পাশ্ববর্তী খুরুস্কুল ইউনিয়নের কাওয়ার পাড়ার নুরুল হক সওদাগরের কন্যা। নিহতের ৫ ও সাড়ে ৩ বছর বয়সী ২টি পুত্র সন্তানও রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ছলিম উল্লাহ জানান, প্রতিবেশীর কাছে থেকে সংবাদ পেয়ে সকাল সাড়ে ৫টার দিকে গিয়ে দেখেন রান্না ঘরের বাইরের দরজায় গলায় কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় মহিলাটির লাশ ঝুলে আছে। পরে তিনি থানাকে বিষয়টি জানালে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

তিনি আরো জানান, দীর্ঘদিন যাবত তাদের পরিবারে কলহবিবাদ চলে আসছে। একাধিকবার মীমাংসাও করা হয়েছিল।

নিহতের পিতা নুরুল হকের দাবি, তার কন্যাকে শ্বশুর পক্ষ পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। তবে ঘটনার পর থেকে শ্বশুর পক্ষের লোকজন গা ঢাকা দেয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খাঁন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

Exit mobile version