
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
কক্সবাজারে পূর্ণিমার জোয়ারে পানি বৃদ্ধি ও প্রবল বর্ষণে উপকূলের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে।
জোয়ারের পানির তোড়ে অনেক এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। জোয়ারের পানিতে জেলার কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া, কক্সবাজার শহরতলী ও টেকনাফের কমপক্ষে ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে।
আজ শনিবার সকালে কক্সবাজার শহরের সমিতি পাড়া, কুতুবদিয়া পাড়া, কাঙ্গালী পাড়া, ফদনার ডেইল, নাজিরার টেক, উত্তর নুনিয়াছড়া, পানির কুপ, টেকনাফের শাহপরীরদ্বীপ, সাবরাং, জালিয়াপাড়া, নয়াপাড়া, পেকুয়ার মগনামা, কাকপাড়া, পশ্চিম সরৎ ঘোনা, মহেশখালী ধলঘাটা, মাতারবাড়ি, সাপমারার ডেইল, কুতুবদিয়ার তাবলেরচর, আলী আকবর ডেইল সহ অন্তত ৫০ টি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয় বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।
এছাড়া গত রাত থেকে টানা বর্ষণে এসব এলাকার বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। প্লাবিত এলাকার দরিদ্র মানুষ গুলো চরম ভোগান্তিতে পড়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় কক্সবাজারে ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গভীর সঞ্চালনশীল মেঘমালা অব্যাহত থাকায় সাগর মাঝারী ধরণের উত্তাল রয়েছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।